টেকনাফে অপহরণের শিকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ শাকের আহমদ (৬০) অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ এবং টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
অপহৃত শাকের আহমদ টেকনাফ উপজেলার মিনা বাজারের ঘোনাপাড়ার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে তিনি পরিবারের সঙ্গে ছিলেন। সোমবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।
শাকের আহমদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অপহরণের দিন রাতেই অপরিচিত নম্বর থেকে তাদের মায়ের মোবাইলে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার মুক্তিপণের টাকা দিতে অক্ষম হওয়ায় টেকনাফ থানায় অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রযুক্তির সাহায্যে অভিযান চালায়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পুলিশের টানা অভিযানের চাপে পড়ে অপহরণকারীরা শাকের আহমদকে ছেড়ে দিতে বাধ্য হয়। শাকের আহমদকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তবে মুক্তিপণ ছাড়াই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

