মীরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা রুবেল বড়ুয়া (৪০), নিপ্পু বড়ুয়া (৪৩), ও সনি বড়ুয়া (৩৭)। রুবেল বড়ুয়া মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেলে করে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। নিহতদের মরদেহ স্থানীয়ভাবে উদ্ধার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

