রাঙ্গুনিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার সমমূল্যের অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পৌরসভা সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়কে একটি সিএনজির তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। আটককৃতরা হলেন, লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) এবং লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।
পুলিশ জানায়, কাপ্তাই থেকে আসা সিএনজিটি (রাঙ্গামাটি থ: ১১-০৭৪০) শহরের দিকে যাচ্ছিল। তল্লাশির সময় সিএনজির ভিতর ৪টি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। এর মধ্যে দুই বস্তায় “Patron of Taste” লেখা ৯টি সিগারেটের কার্টুন এবং অপর দুই বস্তায় “Oris Silver Premium Quality” লেখা ৭টি সিগারেটের কার্টুন উদ্ধার করা হয়। সিএনজিটি জব্দ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, উদ্ধারকৃত ৪ বস্তা সিগারেট, সিএনজি ও দুই আসামীকে আটক করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের পাওয়ার অফ অ্যাক্টের ২৫বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

