পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রামসহ দেশের যেকোনো স্থানে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে বনের ম্যাপিংয়ের জন্য প্রযুক্তি ব্যবহার এবং পাহাড় কাটা বন্ধে নিয়মিত টহলের ব্যবস্থা করা হচ্ছে। কেউ এ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান আরও বলেন, “ইটভাটা, শব্দদূষণ এবং পলিথিন শপিং ব্যাগ বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি পরিবেশ সংরক্ষণে সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, “বন উজাড় রোধ, পানির টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিবেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করা জরুরি।”
সভায় চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় পরিবেশ উপদেষ্টা মাঠপর্যায়ের কাজের অগ্রগতি তদারকির ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ. কে. এম. তাহমিদুল ইসলামসহ বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট/ই ডি

