ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বক্তব্য দেন তিনি। রাকিবুল বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদ পতনের পর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো প্রয়োজন নেই। যদি কোনো দল এই কর্মকাণ্ডে জড়িত থাকে, তা একাত্তরের ষড়যন্ত্রের মতো বিবেচিত হবে।”
ছাত্রদল সভাপতির অভিযোগ, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের অপরাধীদের বিচার নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্তে তদন্ত কমিটি হলেও এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। দ্রুত তাদের ছাত্রত্ব বাতিল এবং আইনের আওতায় আনতে হবে।”
এর আগে বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হওয়া ‘মার্চ ফর জাস্টিস’ শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেন, গত ১৫ বছরে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের এখনো উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়নি। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন ক্যাম্পাসে সক্রিয়। তাদের অপসারণ না করলে আন্দোলনের চেতনা নষ্ট হবে।”
মার্চ ফর জাস্টিসে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতারা। বক্তারা একাত্তরের চেতনার ধারাবাহিকতায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
ডেস্ক রিপোর্ট/ই ডি

