নিজস্ব প্রতিবেদক :::
হযরত আমানত শাহ্ (রহ.) এর আওলাদেপাক শাজ্জাদানশীল হযরত শাহ্ সুফি আলহাজ্ব শাহজাদা মোঃ বেলায়েত উল্লাহ খান আল-হাসানী(রহ:) এর নামাজে জানাযা জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর তার প্রথম নামাজে জানাজায় অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এরআগে বিকেল সাড়ে চারটার দিকে জমিয়তুল ফালাহ ময়দানে মরদেহবাহী হেলিকপ্টার অবতরন করে। শাহজাদা সৈয়দ বেলায়েত উল্লাহ খানকে শেষ বারের মতো দেখতে জমিয়তুল ফালাহ ময়দানে ভীড় জমান হাজার হাজার ভক্ত।
জানাজা নামাজের ইমামতি করেন, চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত বাংলাদেশের কো চেয়ারম্যান মাওলানা অসিউর রহমান। নামাজের আগে বক্তব্য রাখেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মরহুমের ছেলে শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ।
পারিবারিক সুত্র জানিয়েছে, বাদ এশা শাহ আমানত মাজার প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাজারে অবস্থিত পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

