ছাত্রজনতার অভ্যুত্থানের পর বেসরকারি স্কুল ও কলেজের যেসব শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল, তাদের বেতন-ভাতা আপাতত চালু থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
আদেশে জানানো হয়, জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্তের আওতায় রয়েছে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু থাকবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনা ঘটে।
তদন্ত চলাকালে জোর করে পদত্যাগ করানো বেসরকারি কলেজের শিক্ষকদের বেতন চালুর বিষয়ে উপসচিব মো. আ. কুদ্দুসের স্বাক্ষরিত আদেশে বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত এসব শিক্ষকদের বেতন-ভাতা চালু থাকবে।
এর আগে, গত ১৪ জানুয়ারি জোরপূর্বক পদত্যাগ করা স্কুল শিক্ষকদের বেতন চালুর বিষয়ে আলাদা একটি আদেশ জারি করা হয়েছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এক ভার্চুয়াল সভায় এসব শিক্ষকদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

