চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে দিনদুপুরে আবারও মহড়া দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীদের একটি দল। মঙ্গলবার দুপুরে ৬–৭ জনের দলটি ধোপাছড়ি বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে।
ধোপাছড়ি বাজারে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীরা ধোপাছড়ি খাল পেরিয়ে বাজারে প্রবেশ করে এবং মোবাইল ফোন বের করতে নিষেধ করে। তারা কালো পোশাক পরা ছিল এবং তাদের কাঁধে ব্যাগে অত্যাধুনিক অস্ত্র দেখা যায়।
অন্য এক ব্যক্তি জানান, দলটি বান্দরবান ও ধোপাছড়ি সীমান্তের ডলুপাড়া হয়ে ধোপাছড়ি বাজারে আসে। আসার পথে তারা একটি বাঁশের গাড়ি থেকে ১০ হাজার টাকা চাঁদা নেয়। বাজারে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর তারা শামুকছড়ি হয়ে বান্দরবানের দিকে চলে যায়।
উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি একই এলাকায় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী প্রায় ৩–৪ ঘণ্টা অবস্থান করেছিল। সাম্প্রতিক সময়ে এসব ঘটনার পুনরাবৃত্তি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, “ধোপাছড়িতে সন্ত্রাসীদের মহড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আজ (বুধবার) সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ডেস্ক রিপোর্ট/ই ডি

