লন্ডনে প্রথম দফার চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় ফিরেছেন। দ্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে নিজে গাড়ি চালিয়ে মাকে পশ্চিম লন্ডনের বাসায় নিয়ে যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
৮ জানুয়ারি লন্ডনে পৌঁছানোর পর থেকেই দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন বেগম জিয়া। এখন থেকে তিনি তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা চালিয়ে যাবেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এ প্রসঙ্গে বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বেগম জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, যার ফলে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।”
বেগম জিয়ার বাসায় ফেরার পর নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

