চট্টগ্রামের পটিয়া উপজেলায় পর্যটন এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রাজন দত্ত (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পটিয়ার ধলঘাট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাজন ধলঘাট ইউনিয়নের দত্ত পাড়া এলাকার মৃত মিলন দত্তের ছেলে।
রাজনের শয়নকক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা ছিল:
“আমি মনে করি, আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তাই আমার এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোনো হাত নেই। তাই সকলের প্রতি অনুরোধ, অকারণে কাউকে কোনো দোষ দেবেন না কিংবা হয়রানি করবেন না। আমার থেকে কেউ কোনো টাকা-পয়সা পাবে না কিংবা আমার নামে কোনো ঋণ নেই। সকলের মঙ্গল হোক, বিদায়!”
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় রাজন ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে তার পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহতের প্রতিবেশী তন্ময় দে জানান, রাজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং ধলঘাটে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। তবে দীর্ঘদিন চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে।
চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম বলেন, “পটিয়া ধলঘাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ডেস্ক রিপোর্ট/ই ডি

