বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৪৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে।
কালু ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে কাজ করতেন। স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকটের কারণে বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে আসছে। শনিবার ভোর ৪ টায় গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি ইছহাক মেম্বার পাড়ায় প্রবেশ করে। হাতিগুলো খাবারের খোঁজে একটি খামারের ঘরে ঢুকে পড়ে, যেখানে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সরই ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, হাতিগুলো প্রথমে বাড়ি ঘেরাও করে ফেলে এবং ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। পরে ঘর ভাঙতে শুরু করে এবং ধান চাল খেয়ে ফেলে। রাতে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে বাড়িঘর পাহারা দেওয়া সত্ত্বেও হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, হাতির আক্রমণে কালু নিহত হয়েছেন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

