চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে মো. রোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হেলাল উদ্দিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছৈয়দাবাদ গ্রামের আবদুস সবুরের ছেলে। স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ার আবির জানান, রোমান ও হেলাল মোটরসাইকেলে বিজিসি ট্রাস্ট এলাকা থেকে হাশিমপুরের দিকে যাচ্ছিলেন। রওশনহাট এলাকায় বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোমান ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত ইউপি সদস্য হেলাল উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে রোমানের বিয়ে হয়েছিল। আগে সিএনজি চালালেও ১৫ দিন আগে তিনি একটি মুরগির খামারে কাজ শুরু করেছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

