বাঁশখালীর উপকূলীয় খাটখালী নদীর মোহনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১২ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ জানুয়ারি) রাতে গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন– মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। তারা সবাই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক জানান, সন্দেহভাজন একটি কাঠের বোটকে থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬টি দেশীয় অস্ত্র (৫টি ছুরি, ৬টি চাপাতি, ৫টি শাবল) উদ্ধার করা হয় এবং ১২ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের নেতৃত্বে ছিলেন মো. রফিক। তারা খাটখালী ঘাট থেকে বহিঃনোঙ্গরে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সমুদ্রের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত আলামতসহ আটককৃতদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। বাঁশখালী থানা জানিয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র মামলায় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

