কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এক কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত কর্মচারী মোহাম্মদ ইমন (২৮) টোলপ্লাজার কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বে ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, টোল আদায়ে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা আমিন গাড়ি থেকে নেমে ইমনকে শার্টের কলার ধরে টেনে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার সময় বিএনপি নেতা একটি গাড়ি বহরের সঙ্গে সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। টোলপ্লাজায় শুক্রবারের গাড়ির অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে তিনি টোল বুথে প্রবেশ করে কর্মচারীকে লাঞ্ছিত করেন এবং কম্পিউটারে আঘাত করেন।
ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ বেশি থাকে। এ কারণে সামান্য দেরি হয়। তবে এ ধরনের আচরণ নিন্দনীয়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কেবল যানজট কমাতে ক্যাশ টোল নেওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং কাউকে লাঞ্ছিত করেননি।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

