চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসতে পারে রাশিয়ার তৈরি প্রথম ক্যানসার টিকা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ।
তিনি জানান, ইতোমধ্যে টিকার চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের জন্য রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। গিন্টসবার্গ আশা প্রকাশ করেন, আগস্টের শেষ নাগাদ মন্ত্রণালয়ের অনুমোদন মিলতে পারে। অনুমোদন পেলে সেপ্টেম্বর থেকে এই টিকা চিকিৎসায় ব্যবহার করা যাবে।
নতুন এই টিকা বিশেষভাবে যেসব রোগীর ক্যানসার ধরা পড়েছে, তাদের জন্য কার্যকর হবে। এটি মানবদেহে প্রবেশের পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম করে তোলে।
টিকাটি প্রস্তুত করা হয়েছে আধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিশেষ রোগের বিরুদ্ধে লড়াইয়ের উপযোগী করে তোলে। প্রাথমিক স্তরের ক্যানসার রোগীদের জন্য এটি সবচেয়ে বেশি কার্যকর বলে জানিয়েছেন গিন্টসবার্গ। তবে মধ্যম স্তরের রোগীরাও এতে উপকৃত হবেন।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বর্তমানে ক্যানসার রোগীর সংখ্যা ৪০ লাখ। প্রতি বছর প্রায় ৬ লাখ ২৫ হাজার নতুন রোগী ক্যানসারে আক্রান্ত হন।
গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট ইতিপূর্বে বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ তৈরি করেছিল। এটি রাশিয়া ছাড়াও বিশ্বের ৫৫টির বেশি দেশে ব্যবহৃত হয়েছে। ক্যানসার টিকার ক্ষেত্রে গামালিয়ার এই নতুন উদ্ভাবন চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

