চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী সেতু রক্ষার জন্য অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফুলী সেতু এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরী। এছাড়া স্থানীয় বাসিন্দা মুহিবুল্লাহ মারুফী, মো. রাসেল, মো. নজরুল, মো. জামাল, মো. জমির, খায়রুল ইসলাম, ইসকান্দর মির্জা, কপিল উদ্দিন, কাজী সোহানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, “কর্ণফুলী সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু তোলার কারণে সেতু ঝুঁকিতে রয়েছে। নদী পাড়ও হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনের কারণে নদীতে শত শত বসতঘর তলিয়ে যেতে পারে। ব্লকগুলোও ধ্বসে পড়ছে। অবিলম্বে সরফভাটাসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ঢাকামুখী লং মার্চ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে।”
ডেস্ক রিপোর্ট/ই ডি

