চট্টগ্রাম নগরের জামালখানে বিক্ষোভ সমাবেশ শেষে আমরণ অনশনে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে তারা এ অনশন শুরু করে, এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বিক্ষোভ সমাবেশ শেষে বলেন, “চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী সকল হত্যাকারীর বিচার দাবি করছি। আমরা আমরণ অনশনের ঘোষণা দিয়েছি।”
তিনি আরও বলেন, “যতদিন পুলিশ প্রশাসনসহ দায়ীদের বিচারের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হবে, ততদিন আমরা এখান থেকে উঠবো না। আমাদের ভাইয়েরা যে কারণে শহীদ হয়েছেন, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে।”
বিক্ষোভ ও অনশনের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, সাধারণ মানুষের ভোগান্তিও দেখা যায়।
ডেস্ক রিপোর্ট/ই ডি

