চট্টগ্রামের চান্দগাঁও থানার বাড়ইপাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একটি বাসায় ঢোকার চেষ্টা করে দুই দুর্বৃত্ত। বাধা দেওয়ায় মো. আজম (২৩) নামের এক যুবকের মুখে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এতে তার ৮–১০টি দাঁত মাড়িসহ পড়ে যায়।
গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আবুল কাশেম সওদাগরের বাড়ির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারীদের একজন আজমের পূর্বপরিচিত।
গুলিবিদ্ধ আজম একই এলাকার মৃত সেকান্দরের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মা জানান, ঘটনার সময় আজম বাসার দরজার সামনে বসে মোবাইল ব্যবহার করছিল। হঠাৎ দুই যুবক এসে ঘরে ঢুকতে চাইলে তিনি বাধা দেন। তখন দুর্বৃত্তরা প্রথমে একটি গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা আরেকটি গুলি ছুড়লে সেটি আজমের মুখে লাগে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
আজমের মা জানান, তার বড় ছেলে বিদেশে থাকেন এবং বিয়ের প্রস্তুতির জন্য স্বর্ণসহ কিছু জিনিস বাসায় রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসেছিল।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
ডেস্ক রিপোর্ট/ ই ডি

