চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট এলাকায় যমুনা বালা জলদাস (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট যাত্রী ছাউনিতে এই মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, মৃত নারীর কাছে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে জানা গেছে, তিনি বান্দরবান সদর পৌরসভার রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং বালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণ জলদাসের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যমুনা বালা জলদাস গত ২–৩ দিন ধরে ব্রিজঘাটের যাত্রী ছাউনিতে অবস্থান করছিলেন। তার সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন ও কিছু খুচরা টাকা ছিল। দিনের বেশিরভাগ সময় তিনি নদীর ঘাটে বসে থাকতেন এবং কেউ খাবার দিলে খেতেন, না দিলে না খেয়েই থাকতেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে পাশের একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা মরদেহটি যাত্রী ছাউনিতে রেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ই ডি

