জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে চট্টগ্রামের প্যারেড ময়দানে জনতার ঢল নেমেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় অনুষ্ঠিতব্য মাহফিলে যোগ দিতে সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষ ময়দানের দিকে ছুটে আসেন।
জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আসরের আগেই আশপাশের এলাকা জনস্রোতে ভরে ওঠে। চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত যান চলাচল সীমিত হয়ে পড়ে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কেউ হেঁটে, কেউবা মিছিল সহকারে মাহফিলে অংশ নিতে আসেন।
বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মিজানুর রহমান আজহারী। প্যারেড ময়দানে এই মাহফিলের আয়োজন করেছে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ।
এই ঐতিহাসিক মাহফিল দীর্ঘ ২৯ বছর ধরে পরিচালনা করে গেছেন প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অনুপস্থিতিতে এবারই প্রথমবারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে, যা চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, “চট্টগ্রাম বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি ঐতিহাসিক প্যারেড ময়দানে, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।”
ই ডি

