কক্সবাজারের টেকনাফে একটি পাহাড় থেকে ছয় শিশুসহ ১৫ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উদ্ধার হওয়া ১৫ জনের মধ্যে পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং ১০ জন রোহিঙ্গা।
গ্রেপ্তারকৃতরা হলেন—টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার মোহাম্মদ আনোয়ার এবং সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার পারভীনা আক্তার ওরফে পারভীন।
পুলিশ জানায়, বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার এক পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।
ডেস্ক রিপোর্ট/ই ডি

