ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস ফেব্রুয়ারির প্রথম দিনেই পর্দা উঠল লেখক-পাঠকের প্রাণের উৎসব, অমর একুশে গ্রন্থমেলার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণজুড়ে চলছে স্টল ও প্যাভিলিয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি। কাঠ কাটা, রঙতুলি, হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত গোটা এলাকা। ইতোমধ্যে অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ শেষ হয়ে গেছে।
এবারের মেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকছে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি। নিরাপত্তার জন্য প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে।
মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, তবে ছুটির দিনে থাকবে বিশেষ শিশুপ্রহর। মাসব্যাপী এই বইমেলা ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

