চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর অভিযোগ করেছেন যে, ফটিকছড়ি আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চুরি-ডাকাতি, খুন ও রাহাজানির মতো অপরাধ বাড়লেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ির বিবিরহাটে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাগান বাজারে নিহত দুলায়েত হোসেন দুলালের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। মামলা না তুললে তাদেরও দুলালের মতো পরিণতি ভোগ করতে হবে বলে ভয় দেখানো হচ্ছে। ফটিকছড়ির বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
সম্প্রতি বাগান বাজার ইউনিয়নে নিজের কৃষিজমি রক্ষায় ভূমিদস্যুদের বাধা দেওয়ায় দুলায়েত হোসেন দুলাল খুন হন। এর আগে দাঁতমারায় শহীদুল ইসলাম এবং কিছুদিন আগে আমান উল্লাহর মেয়ে তাবাসসুমকেও হত্যা করা হয়।
সরওয়ার আলমগীর আরও অভিযোগ করেন যে, কিছু ‘বিশেষ ব্যক্তি’র অনুসারীরা খালের বালু লুট করছে, বাগানের কাঠ কেটে নিচ্ছে, চোরাই রাবার পাচার করছে এবং পাহাড়ের মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তিনি বলেন, বিএনপিতে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে এবং বিভিন্ন পদে বসে দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সতর্ক করেছেন যে, দলের কেউ এ ধরনের ভুল করলে তাদের পরিণতিও ভয়াবহ হবে।
দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির নাম ব্যবহার করে যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দ্রুত বহিষ্কারের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার, উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব জয়নাল আবেদীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মনসুর আলম চৌধুরী ও নুর আলম মেম্বার।
ই ডি

