চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে পার্কিং সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয় জনগণ ও ট্রাক চালকদের হামলার জবাবে প্রাইম মুভার শ্রমিকরা সড়ক অবরোধ করে, যা এখনো চলমান রয়েছে।
বুধবার সরেজমিনে দেখা যায়, কাস্টমস ও সল্টগোলা মোড়সহ আশপাশের সড়কগুলো অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি পতেঙ্গা, অলংকার, বিমানবন্দর ও শেখ মুজিব রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় কিছু বিক্ষোভকারী চালকদের গাড়ির চাবি ছিনিয়ে নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কবির আহম্মদ জানান, শ্রমিকরা তাদের সহকর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরের রপ্তানি-আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অবরোধ প্রত্যাহারের জন্য শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে।
এদিকে, বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, সংঘর্ষের পর তাদের প্রায় ২০ জন সহকর্মী নিখোঁজ রয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী জানান, “আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের শ্রমিকদের ওপর হামলার বিচার চাই।”
ই ডি

