২০১২ সালের ৬ মার্চ বিএনপির ঘোষিত ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুম হন চট্টগ্রামের বিএনপি নেতা ও ফটিকছড়ির লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.এস.এম. শহিদুল আলম সিরাজ চেয়ারম্যান। তাঁর সন্ধান দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে তাঁর সন্তান সাংবাদিক আজীম অননের সহকর্মীরা।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আজীম অনন বলেন, “২০১২ সালের ৬ মার্চ আমার বাবা ঢাকা গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। ১২ বছর ধরে আমরা বাবার খোঁজ পাচ্ছি না। স্বৈরাচারী সরকারের পতনের পরও বাবার সন্ধান মেলেনি। আমরা জানতে চাই, বাবা জীবিত না মৃত—শেষ চিহ্নটুকু হলেও ফিরিয়ে দিন, যেন পরিবার নিয়ে সেই স্মৃতি আঁকড়ে বাঁচতে পারি।”
সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাংবাদিক ওয়াহিদ জামান, হাসান মুকুলসহ সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক নেতারা।
আবুল হাশেম বক্কর বলেন, “সিরাজ চেয়ারম্যানসহ অনেকেই রাজপথের আন্দোলনে অংশ নিয়ে গুম হয়েছেন। আমরা বরাবরই এ বিষয়ে সোচ্চার ছিলাম, এখনো আছি। ফ্যাসিবাদী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের শেষ অবস্থান জানানো রাষ্ট্রের দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাংবাদিক মিয়া মো. আরিফ, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা সরকারকে দ্রুত গুম হওয়া নেতাদের অবস্থান জানাতে আহ্বান জানান এবং এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তোলেন।
ই ডি

