চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে মো. মুকিত উদ্দিন (১৭)। বুধবার (গতকাল) রাত ৮টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুমিন পুটিবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র এবং পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত মুকিত একই এলাকার রহমত উল্লাহর ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় তারা দুই বন্ধু পূর্ব তাঁতি পাড়ার শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যান। সেখানে একটি ভাসমান দোকানে টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে এবং মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশ গুপ্তা জানান, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত এক কিশোরকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ই ডি

