চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক করা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে মো. মুকিত উদ্দিন (১৭)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুমিন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। আহত মুকিত একই এলাকার রহমত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মুমিন ও মুকিত পূর্ব তাঁতি পাড়ার শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় গিয়েছিলেন। সেখানে এক ভাসমান দোকানে টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রতিপক্ষ মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশ গুপ্তা জানান, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হলে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ই ডি

