বিপিএলে চিটাগাং কিংসের অফিসিয়াল হোস্ট ইয়াশা সাগর এবার বেশ আলোচনায় ছিলেন। কানাডিয়ান এই মডেল-অভিনেত্রী ও ক্রিকেট প্রেজেন্টার তার আকর্ষণীয় উপস্থিতি আর সোশ্যাল মিডিয়ায় সরব ভূমিকায় স্বল্প সময়েই বিপিএলে জনপ্রিয় হয়ে ওঠেন। স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তরাও তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন, যার প্রমাণ ছিল গ্যালারিতে তার নামে প্লেকার্ড আর উন্মাদনা।
তবে হঠাৎ করেই তাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল না। পরে জানা যায়, টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন। তার অকাল বিদায়ের পেছনে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা ছিল বলে খবর পাওয়া যায়।
চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানিয়েছেন, পারিশ্রমিক নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না, বরং চুক্তি অনুযায়ী শেষ সপ্তাহে পেমেন্ট দেওয়ার কথা ছিল। তিনি বলেন, “আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।”
তবে তিনি অভিযোগ করেন, ইয়াশা সাগর কাজের কিছু অংশ প্রত্যাখ্যান করেছেন এবং তার ম্যানেজার অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন। “আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন কাজ করতেছে না, তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এরপরই চলে গেছে,” বলেন চৌধুরী।
ভারতীয় বংশোদ্ভূত ইয়াশা সাগর মডেলিং ও অভিনয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট উপস্থাপক হিসেবেও পরিচিত। এবারই প্রথমবারের মতো তিনি বিপিএলে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন।
এদিকে, বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগাং কিংস। আগামীকাল তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে।
ই ডি

