চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুমিনুল ইসলাম মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছয়জনকে এজাহারভুক্ত ও আরও ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের মা খোরশিদা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এজাহার অনুযায়ী, বুধবার বিকেলে পুটিবিলা ইউনিয়নের মধ্য তাঁতীপাড়ার জামে মসজিদের মাহফিলে মোবাইল ফোনে ছবি তোলাকে কেন্দ্র করে আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ ও শাকিবের সঙ্গে মুমিনের কথা কাটাকাটি হয়। পরে তারা মুমিন ও তার বন্ধু মুকিতকে মারধর করে। সন্ধ্যায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও রাত ৮টার দিকে মুমিনকে একা পেয়ে হেলাল উদ্দিন তাকে বুকে ছুরিকাঘাত করে। এরপর অন্য আসামিরা মুমিনকে মারধর করে মৃত্যু নিশ্চিত করে। মুমিনকে বাঁচাতে গেলে তার বন্ধু মুকিতকেও ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ই ডি

