চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা তানিয়া আক্তার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা, বোন ও অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে গতকাল দুপুর ১টার দিকে, কাঞ্চনগর ইউনিয়নের পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়া এলাকায়। নিহত তানিয়া আক্তার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তানিয়া তার মা ফাতেমা বেগম ও বড়বোন সেলিনাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে একটি বালুবাহী ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, “গুরুতর আহত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে প্রশাসনের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।”
ই ডি

