বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্প্রতি একটি ভার্চ্যুয়াল কনফারেন্সে অংশ নিয়ে দেশের বিরুদ্ধে এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে কাজ করছে। অথচ অতীতে ফ্যাসিস্ট সরকারের অনুসারী হয়ে দায়িত্ব পালনকারী বিতর্কিত সদস্যদের বিচারের বিষয়ে পুলিশ সদস্যরা ঐক্যবদ্ধ।
পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, দুর্নীতি, মানি লন্ডারিং, এবং ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় অভিযুক্ত পলাতক বেনজীর আহমেদ রাষ্ট্র ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য পুলিশ সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, তার এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল। পুলিশ বাহিনীর কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় গোটা বাহিনীর ওপর বর্তায় না।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ই ডি

