ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ময়না আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ের আয়োজন চলছিল। বিকেলে পাশের চাউরাখোলা গ্রামের কয়েকজন যুবক বরপক্ষের বাড়িতে গানবাজনা শুনতে আসে। উচ্চ শব্দে গান চলায় বরপক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে চাউরাখোলার যুবকরা বিষয়টি মীমাংসার জন্য কনের চাচা হোসেন মিয়ার কাছে গেলে তিনি উল্টো ক্ষুব্ধ হন এবং এক যুবককে থাপ্পড় মারেন।
এরপর সন্ধ্যা ৭টার দিকে চাউরাখোলা গ্রামের যুবকরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার ঘটনাস্থলেই মারা যায়। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে আরও পাঁচজন আহত হন।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ই ডি

