ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়ার হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ উল্টে গিয়ে ছয় নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নোয়াখালীর হাতিয়ার জোবায়ের (৩৫), বাগেরহাটের মোড়লগঞ্জের নাজমুল শেখ (১৭), ভোলার মনপুরার মো. আরিফ (২২) এবং মহিউদ্দিন (৩৫)।
আহতদের মধ্যে কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সবুজ ও মনিরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম জানান, ১৮ জন নির্মাণ শ্রমিক কাজ শেষে পিকআপে করে শহরে ফিরছিলেন। পথে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে আরেকটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান, একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাঈল হোসেন। আহতদের চিকিৎসার জন্যও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ই ডি

