বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
তিনি বলেন, “আমাদের বাধ্য করবেন না। ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের প্রিয় নেতাকে মুক্ত করতে হবে, অন্যথায় সারাদেশে টানা কর্মসূচি চলবে। আমরা বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছি, এবার পিছু হটার সুযোগ নেই।”
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি মাঠে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল লালদীঘি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে বলেন, তিনি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী। ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন তিনি। বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়লেও জামায়াতের নেতারা এখনো মুক্তি পাননি।
জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও আমাদের নেতা কারাগারে কেন? এটি জাতির জন্য এক বড় প্রশ্ন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয়, মহানগর, ও জেলা পর্যায়ের নেতারা, যারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন।
ই ডি

