চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর খাল খনন প্রকল্পের কাজে অক্সিজেন–কুয়াইশ সড়কে ওয়াসার মূল সঞ্চালন লাইন কেটে যাওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে অন্তত দুই থেকে তিন দিন লাগবে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।
মূল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওয়াসার রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১ এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, গত সোমবার দুপুরে সিডিএর ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের কাজ চলাকালে অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়কে ওয়াসার ৪৮ ইঞ্চি জিআই পাইপলাইন কেটে যায়। এতে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের উৎপাদিত পানি নাসিরাবাদ রিজার্ভারে আসতে না পারায় নগরীর ৩ ভাগের ২ ভাগ এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আনোয়ারা পাশা বলেন, “সামনে রমজান, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না কিভাবে পানি সরবরাহ নিশ্চিত করব। আমাদের প্রকৌশলীরা সিডিএর ঠিকাদারদের কাজের নির্দেশনা দিলেও তারা স্কেভেটর ব্যবহার করে পাইপলাইন কেটে ফেলেছেন, যা অত্যন্ত দুঃখজনক।”
এই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহত্তর হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, চকবাজার, আন্দরকিল্লা, লালখান বাজার, দেওয়ানহাট, বায়েজিদসহ নগরীর বিস্তীর্ণ এলাকায় পানি সরবরাহ ব্যাহত হয়েছে। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১ প্রতিদিন ১৪.৩ কোটি লিটার পানি উৎপাদন করত, যা এখন বন্ধ রয়েছে।
ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন বলেন, “আমরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মেরামতের কাজ করছি। তবে নগরবাসীকে সাময়িক অসুবিধা মেনে নিতে হবে।” আসন্ন রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াসার প্রকৌশলী ও কর্মকর্তারা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন তিনি।
ই ডি

