চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. হাসান (৩২) নামে এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত মো. হাসান নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন মেম্বারের বাড়ির মো. বজল আহমেদ ড্রাইভারের ছেলে। তার পৈতৃক বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও তিনি মামার বাড়ি রাউজানের নোয়াপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান প্রথমবারের মতো বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বিকাল ৪টার দিকে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে তাকে বের করে নিয়ে বেধড়ক মারধর করে এবং পাশের পলোয়ান পাড়া গ্রামে ফেলে যায়।
পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা ও তার স্ত্রী ঝিনু আক্তার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ঝিনু আক্তারের মোবাইলে যোগাযোগ করা হলে তার শাশুড়ি পরিচয় দেওয়া এক নারী জানান, দুর্বৃত্তরা বিকেলে ঘরে ঢুকে খাটের নিচ থেকে হাসানকে বের করে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
ই ডি

