রাঙামাটিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে সাবেক জেলা ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সদর উপজেলার বার্গী লেকভ্যালি রিসোর্টে এক বিয়ে অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা ও ভোজ শেষ হওয়ার পরপরই সাদা পোশাকে থাকা ডিবি পুলিশ সদস্যরা তাকে সবার মাঝ থেকে সরিয়ে নিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় বিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, প্রকাশ চাকমা ২০১৫ সালের ৩ জুন থেকে ২০২৪ সালের ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৯ বছর রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার সঙ্গে সভাপতির দায়িত্বে ছিলেন আব্দুল জব্বার সুজন।
ই ডি

