দেশীয় লবণ শিল্প রক্ষার দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন শত শত লবণ চাষি ও ব্যবসায়ী। তাদের অভিযোগ, সরকারের নির্ধারিত চাহিদা মাফিক দেশেই যথেষ্ট লবণ উৎপাদন হলেও একটি সিন্ডিকেট মিথ্যা তথ্য দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি অব্যাহত রেখেছে। ফলে দেশীয় লবণের দাম মারাত্মকভাবে কমে গেছে।
বুধবার সকালে কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় মহাসড়কের ওপর উৎপাদিত লবণ ফেলে এবং কাফনের কাপড় পরে অভিনব এই প্রতিবাদ জানান চাষিরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
চাষিরা জানান, গত মৌসুমেও ২ মণ লবণের দাম ছিল ১২০০ থেকে ১৬০০ টাকা, অথচ এবার তা নেমে এসেছে মাত্র ৬০০ টাকায়। তারা দাবি করেন, মাত্র কয়েকজন বড় মিল মালিক সরকারের সঙ্গে যোগসাজশ করে শিল্পখাতের প্রয়োজন দেখিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করছেন, যা দেশীয় লবণ শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
সমাবেশে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, “বিদেশ থেকে লবণ আমদানির অনুমতি অবিলম্বে বন্ধ করতে হবে, নইলে দেশীয় লবণ শিল্প টিকবে না।”
চাষিরা আরও জানান, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে সামনে আরও বড় আন্দোলনে নামবেন তারা।
ই ডি

