বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সরকারের নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে বলে জনগণ মনে করছে।
তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি কৌশল মাত্র। তবে বিএনপি এই ফাঁদে পা দেবে না। তিনি জনগণকে সরকারের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, দেশের কিছু উপদেষ্টার বিভ্রান্তিকর বক্তব্যের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে, অন্যদিকে খুন-খারাবি বেড়ে চলছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।
নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় শক্তি নিরপেক্ষতা। কিন্তু তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। তাই সরকারকে আরও সতর্ক হতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, যা এখনও চলছে। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধেই এই ষড়যন্ত্র নস্যাৎ হবে, ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখি করা হবে।
বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মূল লক্ষ্য একটাই—গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে এটি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংযোজন-বিয়োজন হতে পারে।
সবশেষে, মতবিরোধ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির না হয়।
ই ডি

