চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করার পর, ৭২ ঘণ্টার মধ্যে সেই লাইটার জাহাজগুলোকে বন্দরসীমানা ছেড়ে নির্ধারিত গন্তব্যে যেতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় এই নির্দেশনা জারি করেছে।
বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, সম্প্রতি দেখা গেছে, লাইটার জাহাজগুলো অপ্রয়োজনীয়ভাবে বন্দরসীমার মধ্যে দিনের পর দিন অবস্থান করছে। এতে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এবং দ্রব্যমূল্য বেড়ে গিয়ে সাধারণ ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে, লাইটার জাহাজগুলোকে মালামাল বোঝাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে বন্দর এলাকা ছাড়তে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির চেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী। কেউ এ নির্দেশ অমান্য করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ও আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা (আইএসপিএস) কোড অনুযায়ী ব্যবস্থা নেবে।
ই ডি

