চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত যুবদল কর্মী মোহাম্মদ জিহাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার ১২ দিন পর মৃত্যু হল এই যুবদলকর্মীর।
সংঘর্ষে আহত মোহাম্মদ জিহাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত জিহাদ খুলশী কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন বলেন, ‘গত ২১ মার্চ ইফতারের পর বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন জিহাদ। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্য হয়। ওই সংঘর্ষের ঘটনার ভিকটিমের পরিবার বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করেছে।’
চৌধুরী/চট্টলা২৪

