সরু সড়ক ও বিপজ্জনক বাঁকের কারণে পাখির মত প্রাণ যাচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে। ফলে মানুষের জীবন বাঁচাতে সড়কটি দ্রুত ছয় কিংবা চার লেইনে উন্নীত করার দাবিতে এবার একই কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।
রোববার (৬ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই এমন কর্মসূচি পালন করতে দেখা যায় তাকে। দুইটি লিফলেট হাতে নিয়ে তিনি কখনও সড়কে বসে আন্দোলন করছেন, কখনও আবার দাঁড়িয়ে রয়েছেন।
তার হাতে থাকা দুই লিফলেটে লেখা রয়েছে, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কে আর কত লাশ চাই?’ ও ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬/৪ লাইন করার দাবিতে একক অবস্থান কর্মসূচি’।
জানতে চাইলে সৌরভ প্রিয় পাল বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে সড়কটি ছয় লেইনে উন্নিত করা দাবিতে আগামীকাল (সোমবার) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু করবো। আমরা চাই যত দ্রুত সম্ভব সড়কটি ছয় লাইনের মাস্টার প্লেন নিয়ে এখনই চার লাইনের কাজ শুরু করা হোক। কর্ণফুলী টানেলের চেয়ে বেশি প্রয়োজন ছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ছয় লাইনে উন্নীতকরণ। এখন কালুরঘাট সেতু হচ্ছে, এটা হলে এই সড়কের উপর আরও বেশি চাপ বাড়বে।
সৌরভ বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বীর চট্টলার সন্তান, তিনি এটা দ্রুত বাস্তবায়ন করবেন। আমি ঈদ উৎসবের মাঝেই ১১টি লাশ দেখেছি। লাশগুলো নিজ হাতে হস্তান্তর করছি তাদের স্বজনদের কাছে। তাদের আত্মচিৎকার শুনেছি। চিকিৎসারত প্রিয় আরাধ্য ও দুর্জয়ের কষ্ট দেখেছি। তাদের সেবা করার সুযোগে কাছ থেকে তাদের অবর্ননীয় কষ্ট দেখেছি। আমরা এই মহাসড়কে আর কোন লাশ দেখতে চাই না।
ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের এমন একক আন্দোলন ও কক্সবাজার অভিমুখে পদযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুড়িয়েছে প্রশংসা।
চৌধুরী/চট্টলা২৪

