রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ঘর থেকে বিপুল সংখ্যক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার ভোররাতে (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গুলিসহ আগ্নেয়াস্ত্রসমূহ উদ্ধার করা হয়।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি রাউজান থানা পুলিশ। তবে পুলিশের অন্য একটি সুত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
সুত্রমতে, জেলা পুলিশ ও স্থানীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে মঙ্গলবার ভোররাতে অভিযানটি শুরু করে। অভিযানে রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাসা থেকে রিভলবার, পিস্তল, রাইফেল, শটগান, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, বিপুল সংখ্যক গুলি, এক নলা বন্দুক ও বন্দুকের কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ককটেল সহ অনেক দেশী/বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এসময় দুটি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা সরিয়ে নিতে দেখা যায়। দুটি বস্তায় টাকা নতুবা গুলি থাকতে পারে। ‘
খোঁজ নিয়ে জানা যায়, এসময় হত্যা মামলার অন্যতম আসামী রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীকেও গ্রেফতারের অভিযান চালানো হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হতে পারে।
বুধবার বিকেলে চট্টগ্রামের খুলশি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এই বিল্ডিংএর একটি ফ্ল্যাটে ফজলে করিম থাকতেন। তবে সেখানে কোন অস্ত্র মেলে নি।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট থেকে অস্ত্র উদ্ধারে সারাদেশে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে, ৩ সেপ্টেম্বর এর মধ্যে পুলিশের লুট হওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু জমা দেয়ার নির্ধারিত সময় পার হলেও পুলিশের দুই হাজারেও বেশী অস্ত্রের সন্ধান এখনো মেলেনি।

