গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ছিলেন তিনি।
মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন নুসরাত ফারিয়া। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন।
কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি জানান, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।
কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।
এর আগে আজ সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।

