শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পশুর হাটে এল উট, দাম হাঁকা হচ্ছে ৩০-৩৫ লাখ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক কোরবানির পশুর হাটে এবার দেখা মিলেছে মরুর উটের। এর আগে ২০২২ সালে এ হাটে গোলাপি মহিষ তুলে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এক খামারি। এবার সেই চমককে ছাপিয়ে গেছে উটের উপস্থিতি। যশোরের বেনাপোলের ফিরোজ-মামুন ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে তিনটি উট। হাটে তোলার পরপরই উট দেখতে ভিড় করছেন দর্শনার্থী ও ইউটিউবাররা।

ফিরোজ-মামুন ডেইরি ফার্মের প্রতিনিধি গাজী সিরাজুল ইসলাম বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন কিছু উপস্থাপনের চিন্তা থেকেই উটগুলো হাটে এনেছি। একেকটি ১২ থেকে ১৫ মণ। কোরবানিতে শৌখিন ক্রেতাদের জন্য এসব উট আনা হয়েছে। পাশাপাশি বড় আকৃতির প্রায় ৫০টি গরুও এনেছি।

গাজী সিরাজুল ইসলাম জানান, দুই বছর আগে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কিনে খামারে নেওয়া হয় এসব উট। এগুলোকে প্রতিদিন ভুট্টা, ছোলা, গম, বুটের খোসা, গমের ছোলা ও ঘাস খেতে দিতে হয়।

গতকাল দুপুরে হাটে গিয়ে দেখা যায়, মূল প্রবেশপথের বাঁ পাশে ত্রিপলের নিচে রাখা হয়েছে উটগুলো। সেগুলোর চারপাশে জটলা করে আছেন নানা বয়সী মানুষ। অনেকেই মুঠোফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ কেউ আবার ইউটিউব কনটেন্ট তৈরিতে ব্যস্ত। হাটে মাইকে ঘোষণা দিয়ে জানানো হচ্ছে—এখানে গরু, মহিষ, ছাগল, ভেড়ার পাশাপাশি উটও পাওয়া যাচ্ছে।

ডেইরি ফার্মের আরেক প্রতিনিধি মন্টু মিয়া বলেন, মইজ্জারটেক হাটে চাহিদা বেশি, পশুর দামও তুলনামূলক ভালো পাওয়া যায়। তাই এবার উট এনেছি। আশাবাদী, উপযুক্ত দামে বিক্রি হবে।

মইজ্জারটেক হাটের ইজারাদার জসিম উদ্দিন জুয়েল বলেন, নগরের কাছাকাছি হওয়ায় হাট ইতিমধ্যেই জমে উঠেছে। এবার উট আসায় হাটে নতুন মাত্রা যোগ হয়েছে। ক্রেতারা পছন্দমতো দরদাম করে পশু কিনতে পারছেন।

ব্যাপারীরা জানান, সাধারণত ঈদ উপলক্ষে ভারতের রাজস্থান, গুজরাটের মরুভূমি এলাকা এবং হরিয়ানা থেকে উট ও দুম্বা আমদানি করা হয়। কখনো কখনো পাকিস্তান থেকে উট আনা হয়। সীমান্তবর্তী জেলা যশোর, চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর হয়ে উটগুলো বাংলাদেশে আসে। প্রতিবছর হাটে গরু, খাসি, মহিষের পাশাপাশি উট ও দুম্বারও ক্রেতা থাকে। রাজধানী ঢাকার বাজারে উটের দেখা বেশি মেলে, চট্টগ্রামে তুলনামূলক কম দেখা যায়।

উটের মাংস অনেকের কাছেই একেবারে নতুন অভিজ্ঞতা। এই মাংস স্বাদে হালকা মিষ্টি ও নরম। বিশেষ করে কম বয়সী উটের মাংস বেশি সুস্বাদু। মাংসে চর্বির পরিমাণ থাকে কম।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...