চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনসুর বৈদ্য (৩৮) নামে এক কবিরাজকে জবাই করে হত্যার ঘটনায় মুহাম্মদ আবু মুছা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, বানটোনা করে ও অন্যান্যভাবে মুছার পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি ও ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুহাম্মদ আবু মুছা একই উপজেলার ভূজপুর থানার হাড়িয়ালছড়ি কোরবান আলীর নতুন বাড়ির আহমদ ছফার ছেলে।
এর আগে, গত ৮ আগস্ট পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে ভিকটিমের নামে সরকারি বরাদ্দকৃত একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় ওই কবিরাজের মাথা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা রুজু হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গ্রেপ্তার আসামিসহ আরও একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে চিকিৎসা নেওয়ার নাম করে ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে সুযোগ বুঝে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে। জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, কবিরাজ বানটোনা করে ও অন্যান্যভাবে তাদের পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি ও ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ জন্মায়। সেই ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে কবিরাজের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে সে।
তিনি আরও জানান, আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

