হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর (সোমবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও আন্তর্জাতিক হিউম্যান পিস ইউনিভার্সিটি গ্লোবাল থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে সদ্য ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সম্মান শুধু সার্টিফিকেটের নয়; এটি মানবিকতা, নৈতিকতা ও চরিত্র গঠনের স্বীকৃতি। তোমরাই হাটহাজারীর ভবিষ্যৎ। প্রকৃত শিক্ষা মানুষ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শেখায়।”
মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের নেশা থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “অতিরিক্ত বইনির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করতে হবে।”
পাশাপাশি সন্তানদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতায় অভিভাবকদের ভূমিকার গুরুত্বও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক ও উপহার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য লায়ন সালাউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রফেসর গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ডা. রফিকুল আলম, কলামিস্ট টিপু সুলতানসহ আরও অনেকেই। বক্তারা বলেন, “ভালো ফলাফল কেবল সূচনা; প্রকৃত সাফল্য হলো সৎ, সাহসী এবং সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ হয়ে ওঠা।”
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ফারুক, চট্টলা২৪

