চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তিনি প্রত্যেককে দ্বন্দ্ব ভুলে বাঁশখালীতে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে বাহারছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাপ্পা আরও বলেন, “বাঁশখালী অতীতে বিএনপির ঘাঁটি ছিল। বর্তমানেও এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিবারই বিএনপি বিপুল ভোটে জয় লাভ করেছে। এখানে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ হোক দল-মত নির্বিশেষে বাঁশখালীর সকলের ঐক্যের প্রতীক।”
মতবিনিময় সভায় দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সভাপতি আব্দু ছবুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার আজিম, উপজেলা বিএনপি নেতা মহসিন চেয়ারম্যান, অধ্যাপক মুবিনুর রহমান, মইনুল হক পলাশ এবং বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন ও সদস্য সচিব হামিদ বাহার চৌধুরী।
ফারুক, চট্টলা২৪

