বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ হোসেন। এ সময় গত কয়েক দিনে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনার অবস্থা স্থিতিশীল আছে, এটা বলতে পারেন।’
ডা. জাহিদ হোসেন বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যে চিকিৎসা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা একই রকম রয়েছে এবং চিকিৎসকেরা আশা করছেন, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিডনির সমস্যার কারণে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেও বর্তমানে তা কিছুটা বেড়েছে। একই সঙ্গে কিডনির কার্যকারিতা সামান্য উন্নত হয়েছে এবং ফুসফুসের অবস্থাতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে চিকিৎসকদের মতে, তিনি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি এবং দেশেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান নিয়মিতভাবে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। বর্তমানে তিনি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলোতে যুক্ত রয়েছেন।
ফারুক, চট্টলা২৪

