ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শেষে জমা দিচ্ছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশে আড়াই হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এ সময়ের মধ্যে মাত্র ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে মনোনয়ন সংগ্রহে সরব প্রার্থীরা
এদিকে রোববার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার পক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এর আগে তিনি চট্টগ্রাম-১০ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহাবুদ্দিন ভূঁইয়াও।
রোববার চট্টগ্রামের তিনটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৬ জন, জেলা প্রশাসক কার্যালয় থেকে ১৮ জন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রামের বিভিন্ন আসনে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জাতীয় পার্টির মোহা. এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি; চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদের রবিউল হাসান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গিয়াস উদ্দিন; চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোয়াহেদুল মাওলা।
চট্টগ্রাম-৪ আসনে গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা ও গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ; চট্টগ্রাম-৫ আসনে এবি পার্টির মো. দিদারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন চৌধুরী মনোনয়ন সংগ্রহ করেন।
এছাড়া চট্টগ্রাম-৬ আসনে নাছির উদ্দিন তালুকদার, চট্টগ্রাম-৭ আসনে মো. আবুল কালাম ও নুরুল আলম, চট্টগ্রাম-৮ আসনে মো. জোবাইরুল হাসান ও মো. আজাদ চৌধুরী মনোনয়নপত্র নেন।
চট্টগ্রাম-৯ আসনে সৈয়দ হাসান মারুফ, দীপক কুমার পালিত, জেলী চৌধুরী ও তৌহিদুল ইসলাম; চট্টগ্রাম-১০ আসনে মোশারফ হোসেন দিপ্তী, এমদাদ হোসেন, মোহাম্মদ ইব্রাহীম ও গোলাম শাহাদাৎ বিটু মনোনয়ন সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১২ থেকে চট্টগ্রাম-১৬ আসন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপক হারে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, শেষ দিনে মনোনয়ন জমার চাপ আরও বাড়বে। যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ফারুক, চট্টলা২৪

